ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা ও বিজয়

স্বাধীনতা মানবজীবনে মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নেয়ামত। মহান আল্লাহ তা'আলা মানুষকে স্বাধীন সত্তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। স্বাধীনতা মানে সত্য প্রকাশের স্বাধীনতা, সত্য গ্রহণের স্বাধীনতা, সত্য প্রচারের স্বাধীনতা, সত্য সুন্দর ও ন্যায়ের পথে চলার স্বাধীনতা। 


বিজয় তখনই সফল ও সার্থক হবে, যদি তার স্থায়ী সুফল ভোগ করা যায় এবং মানবাধিকারের মূল বিষয় সকল মানুষের জীবন, সম্পদ ও সন্মান সুরক্ষিত হবে। বিজয় তখনই সার্থক হবে, যখন স্বাধীনতার মূল চেতনা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে এবং স্বাধীনভাবে ধর্মকর্ম পালন সুরক্ষিত হবে। 


দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব  ও নিরাপত্তার জন্য  প্রাণপণ চেষ্টা করা প্রতিটি মানুষের স্বভাবজাত অভ্যাস। দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হল, তার ভূখণ্ড, মাতৃভূমিকে ভালবাসা। এটাই মহানবী (সাঃ)-এর উত্তম আদর্শ। সুতরাং দেশপ্রেম, রাষ্ট্রের প্রতি অকৃত্রিম ভালবাসা হচ্ছে মুসলমানদের চরিত্র। 


রাষ্ট্রের সাথে কোন সত্যিকার ঈমানদার গাদ্দারি করতে পারে না । সুতরাং এদেশের বিজয় দিবস আমাদের গৌরব, অহংকার। মহামহিম! তুমি আমাদেরকে স্বাধীন ভূখন্ড দান করেছ, তাই তোমার শুকরিয়া আদায় করছি, তোমার প্রশংসা করছি। বিজয় তাদের সুনিশ্চিত যারা মানব মুক্তির স্বপ্ন দেখে; আল্লাহ তা'আলা সে স্বপ্ন পূরণ করেন। 


মহানবী (সাঃ) মক্কা বিজয়কে মানবতার বিজয়রূপে উপহার দিয়েছেন। বিজয়ের জন্য আল্লাহ তা'আলার সাহায্য প্রয়োজন। আর আল্লাহ তা'আলার সাহায্য প্রাপ্তির জন্য প্রয়োজন আল্লাহ তা'আলার উপর ভরসা ও নির্ভরতা। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেন -"যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়"।-(সূরা নছর-১১০ঃ১)।


বিজয় মানুষকে সুপথে ও কল্যাণ কর্মের সুযোগ করে দেয়। আল্লাহ তা'আলা বলেন -"এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য"।-(সূরা আল ফাতহ-৪৮ঃ৩)। আল্লাহ তা'আলা আমাদের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সদা প্রস্তুত থাকার তাওফীক দান করুন। -(আমীন)। 


লেখকঃ খতীব, আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা। 









একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন